ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Category Ads 1

কৃষি-খামার

Category Ads 2

সোনালি আঁশের পাশাপাশি পাটকাঠিতেও বাড়তি আয়, হাসি ফুটেছে কৃষকের মুখে

একসময় পাটকে বলা হতো কৃষকের গলার ফাঁস। উৎপাদন খরচের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়ায় পাট চাষ করে লোকসানের মুখে পড়তেন অনেক কৃষক। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র। পাটের ভালো দামের পাশাপাশি পাটকাঠির বহুমুখী ব্যবহার ও বাড়তি চাহিদা নতুন করে আশার আলো দেখাচ্ছে রাজশাহীর গোদাগাড়ীসহ উত্তরাঞ্চলের পাটচাষিদের।একসময় পাটকাঠি মূলত রান্নার জ্বালানি ও ঘরের বেড়া তৈরির কাজে ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে পাটকাঠি আর ফেলনা কোনো কৃষিজ উপজাত নয়। পানের বরজ, পার্টিকেল বোর্ড, চারকোল ও বিভিন্ন শিল্পকারখানায় কাঁচামাল হিসেবে এর ব্যবহার বাড়ছে। ফলে পাটের পাশাপাশি পাটকাঠি বিক্রি করেও বাড়তি আয় করছেন কৃষকেরা।গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, পাটের আঁশ ছাড়ানোর পর পাটকাঠি রোদে শুকানো এবং আঁটি বেঁধে সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণিরা। গ্রামীণ সড়কের দুই পাশে সারি সারি পাটকাঠি শুকাতে দেওয়া হয়েছে। কুমুরপুর, রাজবাড়ী, চর আষাড়িয়াদহ, কানাপাড়া, ভাটুপাড়া, বিদিরপুর, প্রেমতলী ও বাসুদেবপুর এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে।স্থানীয়ভাবে পাটকাঠি সংগ্রহের একটি প্রচলিত ব্যবস্থাও রয়েছে। বিভিন্ন এলাকার নারীরা রান্নার জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য পাটচাষিদের কাছ থেকে পাটকাঠি সংগ্রহ করেন। বিনিময়ে তাঁরা পাটের আঁশ ছাড়ানোর কাজে কৃষকদের সহযোগিতা করেন।পাটচাষি আব্দুল মতিন বলেন, দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে তাঁদের কাছ থেকে পাটকাঠি কিনে নিয়ে যাচ্ছেন। প্রতি আঁটি পাটকাঠি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করছেন তাঁরা। এতে পাটের আঁশ বিক্রির বাইরে বাড়তি অর্থ পাওয়া যাচ্ছে।পাটকাঠি ব্যবসায়ী জালাল শেখ বলেন, এখন পাটকাঠি বিক্রির মৌসুম। তাঁরা কৃষকদের কাছ থেকে প্রতি মুঠো পাটকাঠি ২০ থেকে ৩০ টাকা দরে কেনেন। পরে সেগুলো পার্শ্ববর্তী শহরে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করেন। এতে ভ্যানপ্রতি প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা আয় হয়।উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ন আহম্মেদ জানান, চলতি মৌসুমে গোদাগাড়ীতে পাটের ভালো ফলন হয়েছে। পাট জাগ দেওয়া নিয়েও তেমন কোনো সমস্যা হয়নি। বর্তমানে হাটবাজারে প্রতি মণ পাট ৪ হাজার ৯০০ থেকে ৫ হাজার ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।তিনি আরও জানান, পাটের উপজাত পাটকাঠি দিয়ে পানের বরজ তৈরি, চারকোল উৎপাদনসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এসব ক্ষেত্রে চাহিদা বাড়ায় পাটকাঠির বাজারও সম্প্রসারিত হচ্ছে। ফলে পাটের পাশাপাশি পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করতে পারছেন কৃষকেরা।কৃষি ও শিল্পসংশ্লিষ্টদের মতে, পাটকাঠির বহুমুখী ব্যবহার আরও সম্প্রসারিত হলে কৃষকদের জন্য এটি বাড়তি আয়ের গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠতে পারে। এতে সোনালি আঁশের পাশাপাশি পাটকাঠিও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে।

সোনালি আঁশের পাশাপাশি পাটকাঠিতেও বাড়তি আয়, হাসি ফুটেছে কৃষকের মুখে
Category Ads 3
Category Ads 8