ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Category Ads 1

টেকনোলজি

Category Ads 2

মানুষের হাতের মতো রোবট তৈরি করছে জাপান, এক আঙুলেই তুলতে পারে ৫ কেজি

মানুষের হাতের মতো দ্রুত ও নিখুঁতভাবে কাজ করতে সক্ষম রোবটিক হাত তৈরি করেছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান মিনেবিয়া মিৎসুমি। প্রতিষ্ঠানটির তৈরি এই রোবটিক হাতের প্রতিটি আঙুল দিয়ে প্রায় ৫ কেজি ওজন তোলা সম্ভব। পাঁচটি আঙুল একসঙ্গে ব্যবহার করে তাত্ত্বিকভাবে ২৫ কেজি পর্যন্ত ওজন তোলার সক্ষমতা রয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ফিজিক্যাল এআই–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভার চতুর্থ পর্বের তথ্য তুলে ধরেন। সেখানে মিনেবিয়া মিৎসুমি কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউকুহিসা কাইয়ুনুমা তাঁদের উদ্ভাবিত রোবটিক হাতটির কার্যকারিতা প্রদর্শন করেন।কোম্পানিটির প্রধান নির্বাহী জানান, গত বছর যুক্তরাষ্ট্রের কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস)-তে প্রথমবারের মতো রোবটিক হাতটি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে এটি ব্যাপক প্রশংসা পায়। হাতটির আঙুল অত্যন্ত দ্রুত নড়াচড়া করতে পারে।রোবটিক হাতটির ভেতরে রয়েছে ১১টি মোটর, ১০৭টি বিয়ারিং এবং সাতটি সেন্সর। ক্যামেরায় ধারণ করা মানুষের হাতের নড়াচড়ার সঙ্গে সমন্বয় করে রোবটটির আঙুলও নড়াচড়া করে। এর মাধ্যমে ভবিষ্যতে মানুষের হাতের নড়াচড়া অনুসরণ করে সূক্ষ্ম আঙুলনির্ভর কাজ রোবটকে শেখানোর সম্ভাবনা রয়েছে।এতে থাকা বিশেষ লোড সেন্সর কোনো বস্তু কতটা ভারী, তা শনাক্ত করতে পারে। ফলে বোতলের ওজন বাড়লে সেটি ধরে রাখার গ্রিপ বা আঁকড়ে ধরার শক্তিও স্বয়ংক্রিয়ভাবে বাড়িয়ে নেয়। এতে বস্তু ধরার ক্ষেত্রে মানুষের হাতের মতো সংবেদনশীলতা তৈরির সুযোগ রয়েছে।মতবিনিময় সভায় ফিজিক্যাল এআইয়ের গুরুত্ব তুলে ধরে কাইয়ুনুমা বলেন, জাপানের মতো বয়স্ক জনগোষ্ঠী বৃদ্ধি ও জনসংখ্যা হ্রাসের চ্যালেঞ্জ মোকাবিলায় এ প্রযুক্তি সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তিনি আরও বলেন, ফিজিক্যাল এআইয়ের জন্য উচ্চনির্ভুল যন্ত্রাংশ অত্যন্ত প্রয়োজনীয়। এতে বিয়ারিংয়ের পাশাপাশি অ্যাকচুয়েটর, সেন্সরসহ বিভিন্ন উপাদান ব্যবহৃত হয়। এসব যন্ত্রাংশের আরও উন্নয়নের মাধ্যমে বিশ্বে অপরিহার্য প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় মিনেবিয়া মিৎসুমি।ফিজিক্যাল এআই বলতে এমন কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝায়, যা রোবট ও অন্যান্য যন্ত্রের মাধ্যমে বাস্তব জগতে মানুষের মতো কাজ করতে পারে। শিল্পকারখানা, স্বাস্থ্যসেবা, পরিচর্যা এবং দৈনন্দিন নানা কাজে এ প্রযুক্তির ব্যবহার বাড়ার সম্ভাবনা রয়েছে।সূত্র: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভেরিফায়েড ফেসবুক পোস্ট।

মানুষের হাতের মতো রোবট তৈরি করছে জাপান, এক আঙুলেই তুলতে পারে ৫ কেজি
Category Ads 3
Category Ads 8