ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Category Ads 1

বিজ্ঞান ও প্রযুক্তি

Category Ads 2

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

চাঁদের মাটিতে আলু চাষের পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর মাটির মতোই ফলন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে চাঁদের মাটির আদলে তৈরি বিশেষ উপাদানে। গবেষকদের দাবি, প্রয়োজনীয় জৈব পদার্থ মেশানো হলে ওই মিশ্রণে উৎপাদিত আলু পুষ্টিগুণসম্পন্ন এবং খাওয়ার উপযোগী হতে পারে। ভবিষ্যতে চাঁদের বুকে স্থায়ী মানবঘাঁটি গড়ে উঠলে সেখানে অবস্থানরত নভোচারীদের খাদ্য সরবরাহে এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।রয়টার্সের ১৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় পরিচালিত গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’তে।গবেষণায় ‘মোডক’ জাতের আলু ব্যবহার করা হয়। এটি দ্রুত পরিপক্ব হয় এবং এর খোসা লাল, ভেতরের অংশ সাদা। গবেষকেরা চাঁদের মাটির বিকল্প হিসেবে তৈরি উপাদানের সঙ্গে বিভিন্ন অনুপাতে ভার্মিকম্পোস্ট মিশিয়ে আলু চাষ করেন। কেঁচোর মাধ্যমে জৈব বর্জ্য পচিয়ে তৈরি করা হয় এই পুষ্টিসমৃদ্ধ সার।পরীক্ষায় দেখা যায়, কোনো ধরনের জৈব পদার্থ ছাড়া কৃত্রিম চন্দ্রমাটিতে আলু রোপণ করলে প্রায় কোনো শিকড় বা কন্দ তৈরি হয় না। তবে মিশ্রণে মাত্র ৫ শতাংশ ভার্মিকম্পোস্ট যোগ করলেও গাছের শিকড় ও আলু উৎপাদন শুরু হয়। আর ৩০ শতাংশ ভার্মিকম্পোস্ট মেশানো হলে ফলনের পরিমাণ যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের সাধারণ মাটিতে একই পরিবেশে উৎপাদিত আলুর সমান হয়।গবেষণাটির নেতৃত্ব দেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির উদ্ভিদবিজ্ঞানী আয়মেরিক গোয়ে। তাঁর মতে, চাঁদে দীর্ঘমেয়াদি মানববসতি গড়ে তুলতে স্থানীয়ভাবে খাদ্য উৎপাদনের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবী থেকে সব খাবার নিয়মিত পাঠানো ব্যয়বহুল ও বাস্তবিক দিক থেকে কঠিন। এ ক্ষেত্রে আলু কার্যকর খাদ্যশস্য হতে পারে।তিনি বলেন, অনেক ফসলের তুলনায় অল্প জমিতে আলু থেকে বেশি ক্যালরি পাওয়া যায়। এতে পটাশিয়াম, ভিটামিন সি ও ভালো মানের প্রোটিন রয়েছে। পাশাপাশি আলু খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে।চন্দ্রমাটিতে জৈব উপাদানের প্রয়োজনচাঁদের পৃষ্ঠের মাটিকে বৈজ্ঞানিকভাবে ‘লুনার রেগোলিথ’ বলা হয়। কোটি কোটি বছর ধরে উল্কাপিণ্ডের আঘাতে পাথর ও ধুলা ভেঙে এই স্তর তৈরি হয়েছে। এর কণাগুলো অনেক ক্ষেত্রে ধারালো ও কাচের মতো। পৃথিবীর সাধারণ মাটির মতো এতে প্রয়োজনীয় জৈব উপাদান ও নাইট্রোজেন নেই।গবেষক গোয়ের ব্যাখ্যা অনুযায়ী, নাইট্রোজেনের অভাবে চন্দ্রমাটিতে সরাসরি কোনো ফসল উৎপাদন সম্ভব নয়। এ ছাড়া মাটিতে তামার মতো ভারী ধাতুর উপস্থিতিও উদ্ভিদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। জৈব পদার্থ না থাকলে গাছ অতিরিক্ত ভারী ধাতু শোষণ করতে পারে, যা উদ্ভিদের জন্য বিষাক্ত হয়ে উঠতে পারে। ভার্মিকম্পোস্ট এসব ধাতুর উদ্ভিদে প্রবেশের পরিমাণ কমাতে সহায়তা করে।পরীক্ষার সময় আলুগুলো গ্রিনহাউসে দিনের বেলায় সূর্যের আলো ও কৃত্রিম আলোর সমন্বয়ে বড় করা হয়। দিনের তাপমাত্রা রাখা হয়েছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ১৮ ডিগ্রি সেলসিয়াস।তবে পরীক্ষায় উৎপাদিত আলুর স্বাদ এখনো পরীক্ষা করেননি গবেষকেরা। আয়মেরিক গোয়ে জানান, উৎপাদিত আলু স্বাদ নেওয়ার পরিবর্তে পরীক্ষাগারে পুষ্টি ও অন্যান্য উপাদান বিশ্লেষণের কাজে ব্যবহার করা হয়েছে।বড় পরিসরে চাষের পরীক্ষা চলছেবর্তমান গবেষণায় ছোট পাত্রে আলু উৎপাদন করায় কন্দগুলোর আকারও ছোট ছিল। পৃথিবীর মাটিতেও উৎপাদিত আলুর বেশির ভাগের ওজন ছিল ১০ গ্রামের কম। তবে গবেষকেরা জানিয়েছেন, বড় পাত্রে আলু চাষ নিয়ে আরেকটি গবেষণা চলছে। সেখানে বাজারে পাওয়া যায় এমন আকারের আলু উৎপাদন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন গবেষণার প্রধান।চাঁদে কৃষিকাজের সম্ভাবনা নিয়ে এর আগেও বিভিন্ন পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। চলতি বছরের মার্চে ভার্মিকম্পোস্ট মেশানো চন্দ্রমাটিতে ছোলা উৎপাদনের গবেষণার তথ্য প্রকাশিত হয়। এ ছাড়া টমেটো, লেটুস ও আলফালফার মতো ডালজাতীয় উদ্ভিদ নিয়েও পরীক্ষা চলছে।ওরেগন স্টেট ইউনিভার্সিটির মহাকাশজীববিজ্ঞানী ও গবেষণার সহলেখক ডেভিড হ্যান্ডির মতে, চাঁদে ফসল উৎপাদনের জন্য উদ্ভাবিত প্রযুক্তি পৃথিবীতেও কাজে লাগতে পারে। কৃষি উৎপাদন কম এমন শহরাঞ্চল, মরু এলাকা কিংবা খাদ্যের জন্য দূরবর্তী সরবরাহের ওপর নির্ভরশীল অঞ্চলে এসব প্রযুক্তি খাদ্য উৎপাদনে সহায়তা করতে পারে। দূষিত মাটির গুণগত মান উন্নয়নেও এ গবেষণা ভবিষ্যতে ভূমিকা রাখতে পারে।যুক্তরাষ্ট্র ও চীন আগামী বছরগুলোতে চাঁদে নভোচারী পাঠানো এবং সেখানে দীর্ঘমেয়াদি ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। সেই লক্ষ্য বাস্তবায়িত হলে চাঁদের মাটিতে খাদ্য উৎপাদন মহাকাশ অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠবে।২০১৫ সালের ‘দ্য মার্শিয়ান’ চলচ্চিত্রে মঙ্গলগ্রহে আটকে পড়া এক নভোচারীকে আলু চাষ করে বেঁচে থাকতে দেখা যায়। বাস্তবে চাঁদে আলু উৎপাদনের এই গবেষণা ভবিষ্যতের মহাকাশ অভিযানে সেই কল্পনাকে বাস্তবের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে।

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল
Category Ads 3
Category Ads 8