ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Category Ads 1

সাহিত্য-সংস্কৃতি

Category Ads 2

মুন্সীগঞ্জের কৃতিসন্তান বিজ্ঞানী ও লেখক পূরবী বসু আর নেই

বিজ্ঞানী, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও নারীবাদী লেখক মুন্সীগঞ্জের কৃতিসন্তান ড. পূরবী বসু মারা গেছেন। শনিবার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের বাসভবনে ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বামী প্রখ্যাত কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত।দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন পূরবী বসু। এর আগে তিনি স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাঁর শারীরিক জটিলতা আরও বেড়ে যায়। মৃত্যুর সময় স্বামী জ্যোতিপ্রকাশ দত্ত তাঁর পাশে ছিলেন। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন পূরবী বসু। ছোটবেলা থেকেই পড়াশোনা ও লেখালেখিতে মেধার পরিচয় দেন তিনি। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় তাঁর লেখা গোয়েন্দা গল্প স্থানীয় দেয়াল পত্রিকায় প্রকাশিত হয়। পরে স্থানীয় পত্রিকার শিশু-কিশোরদের পাতায় নিয়মিত লিখতেন। ১৯৫৯ সালে প্রখ্যাত সাহিত্যিক আহসান হাবীব সম্পাদিত দৈনিক পাকিস্তান পত্রিকার সাহিত্য পাতায় তাঁর একটি গল্প প্রকাশিত হয়।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন। দেশে ফিরে একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য বিভাগেও কাজ করেন।বিজ্ঞানের পাশাপাশি বাংলা সাহিত্যেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পূরবী বসু। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০টির বেশি। তাঁর লেখায় নারীর অধিকার, নারীবাদী চিন্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম বিশেষভাবে উঠে এসেছে। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’।সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন তিনি। ১৯৬৭ সালে কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূরবী বসু। সাহিত্য ও জীবনের দীর্ঘ পথচলায় তাঁরা ছিলেন একে অপরের সহযাত্রী।তাঁর মৃত্যুর খবরে মুন্সীগঞ্জের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। জন্মভূমি মুন্সীগঞ্জের সঙ্গে তাঁর ছিল গভীর আত্মিক সম্পর্ক। হরগঙ্গা কলেজে পড়াশোনা, শহরের সাংস্কৃতিক কর্মকাণ্ড, সাংবাদিক সফিউদ্দিন আহমেদসহ শৈশবের নানা স্মৃতি নিয়ে তিনি আগ্রহের সঙ্গে কথা বলতেন।লেখক মুজিব রহমান তাঁর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে জানান, ঢাকার শান্তিনগরে পূরবী বসুর বাসায় গিয়ে দীর্ঘ সময় মুন্সীগঞ্জের নানা বিষয় নিয়ে কথা বলার সুযোগ হয়েছিল তাঁর। মুন্সীগঞ্জের একটি খাল ভরাট হয়ে যাওয়ায় তিনি আক্ষেপও প্রকাশ করেছিলেন। স্থানীয় সাহিত্যপত্রিকা ‘ঢেউ’-এর জন্য মুন্সীগঞ্জের স্মৃতি নিয়ে লেখার অনুরোধ জানালে তিনি সম্মতি দেন। পরে তাঁর সেই লেখা ত্রৈমাসিক অগ্রসর বিক্রমপুর পত্রিকা ও মুন্সীগঞ্জ সংবাদে প্রকাশিত হয়।বিজ্ঞানচর্চা ও সাহিত্য—দুই ভুবনেই নিজের মেধা, মনন ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে গেছেন ড. পূরবী বসু। তাঁর প্রয়াণে বিক্রমপুর তথা দেশের সাহিত্য ও বিজ্ঞান অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

মুন্সীগঞ্জের কৃতিসন্তান বিজ্ঞানী ও লেখক পূরবী বসু আর নেই
Category Ads 3
Category Ads 8