ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল মান্নান (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাফেজ বজলুর রহমান বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান একই এলাকার নূর আহমেদের ছেলে এবং অভিযুক্ত মোজাম্মেল (৪৫) একই এলাকার মো. ছুফির ছেলে বলে জানা গেছে। নিহতের স্বজনদের দাবি, সকালে একটি বিয়েসংক্রান্ত বিষয় নিয়ে অভিযুক্ত মোজাম্মেলের সঙ্গে নিহতের চাচাতো ভাইয়ের বিরোধ সৃষ্টি হয় এবং এর জের ধরে সন্ধ্যার পর স্থানীয় বাজারে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় মান্নান এর প্রতিবাদ করলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় এবং স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও উত্তেজনা বিরাজ করে। স্বজনদের অভিযোগ, এরই জেরে রাত ৮টার দিকে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় মান্নানের ওপর পেছন দিক থেকে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান মোজাম্মেল। ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার পর তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তিনি হামলাকারী হিসেবে মোজাম্মেলের নাম উল্লেখ করেন। পরে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাউজানের পাহাড়তলী এলাকার একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। তবে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভুক্তভোগীর পরিবার থানায় এলে মামলা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
Country Ads 3
Country Ads 8