ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Topic Ads 1
Topic Ads 2

ইনানীতে গ্যাসের আগুন নিয়ে ১৫ দিনের পর্যবেক্ষণ, জোর করে নেভাতে নিষেধ

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাস ও অগ্নিশিখার প্রকৃতি নির্ণয়ে ১৫ দিন নিবিড় পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। প্রাথমিক পর্যবেক্ষণে নির্গত গ্যাসটি থার্মোজেনিক (Thermogenic) বলে ধারণা করা হলেও এর সঙ্গে তেল, উচ্চতর হাইড্রোকার্বন কিংবা কনডেনসেটের উপস্থিতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসের প্রবাহ, অগ্নিশিখার উচ্চতা ও তীব্রতা পর্যবেক্ষণ করেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।এদিকে নির্গত গ্যাসের আগুন জোর করে নেভানো কিংবা গ্যাস বের হওয়ার পথ বন্ধ না করার বিষয়ে সতর্ক করেছেন পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব। তিনি জানান, জোরপূর্বক আগুন নেভানো বা গ্যাস নির্গমনের পথ বন্ধের চেষ্টা করলে ভূগর্ভে গ্যাস জমে উচ্চচাপ সৃষ্টি হতে পারে। এতে আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিস্ফোরণসহ প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তাঁর মতে, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সতর্কতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।১৫ দিন পর্যবেক্ষণ, এরপর চূড়ান্ত সিদ্ধান্তগ্যাস উদ্গিরণ ও অগ্নিশিখা নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে পেট্রোবাংলার কার্যালয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পেট্রোবাংলা ও বাপেক্সের সাবেক ও বর্তমান অভিজ্ঞ কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।সভায় প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে নির্গত গ্যাসের উৎস থার্মোজেনিক অথবা বায়োজেনিক (Biogenic) হতে পারে বলে আলোচনা হয়। তবে অগ্নিশিখার রং ও প্রকৃতি বিশ্লেষণ করে গ্যাসের সঙ্গে তেল বা কনডেনসেট নির্গত হওয়ার সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হচ্ছে।এ কারণে দিন ও রাত উভয় সময়েই আগুনের শিখার রং, উচ্চতা এবং অন্যান্য পরিবর্তন পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনাস্থলে দায়িত্ব পালন করা বাপেক্সের কর্মকর্তাদের সঙ্গে পেট্রোবাংলার নিয়মিত যোগাযোগ রয়েছে।অগভীর গ্যাসের স্তর থেকে উদ্গিরণের ধারণাবিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, ইনানীতে নির্গত গ্যাসের উৎস ভূগর্ভের অপেক্ষাকৃত অগভীর কোনো স্তর বা শ্যালো গ্যাস (Shallow Gas) হতে পারে। বাংলাদেশে আবিষ্কৃত অধিকাংশ গ্যাসের মজুত সাধারণত ভূগর্ভের দুই কিলোমিটারের বেশি গভীরে অবস্থিত। কোনো কোনো ক্ষেত্রে তিন থেকে পাঁচ কিলোমিটার গভীরেও গ্যাসের সন্ধান পাওয়া গেছে।তবে ইনানীর গ্যাস কোনো বিদ্যমান গ্যাসক্ষেত্র কিংবা গভীর ভূগর্ভস্থ গ্যাসের মজুতের সঙ্গে সংযুক্ত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে নিশ্চিত হতে আগামী ১৫ দিন গ্যাসের প্রবাহ, অগ্নিশিখার উচ্চতা ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।গ্যাসের প্রবাহ অব্যাহত থাকলে খনন হতে পারে রিলিফ ওয়েলসংশ্লিষ্ট কর্মকর্তাদের আলোচনা অনুযায়ী, ১৫ দিনের পর্যবেক্ষণ শেষে গ্যাসের প্রবাহ ও অগ্নিশিখার পরিস্থিতি মূল্যায়ন করে স্থায়ী নিয়ন্ত্রণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।পর্যবেক্ষণকালে আগুনের শিখার উচ্চতা অপরিবর্তিত থাকলে অথবা আরও বেড়ে গেলে গ্যাসের প্রবাহ স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে রিলিফ ওয়েল (Relief Well) খননের পরিকল্পনা নেওয়া হতে পারে।এ পদ্ধতিতে মূল গ্যাস নির্গমনের স্থান থেকে নির্দিষ্ট দূরত্বে বিকল্প কূপ খনন করা হয়। পরে সাইডট্র্যাকিংয়ের (Sidetracking) মাধ্যমে মূল কূপের গ্যাসপ্রবাহের উৎসে পৌঁছে বিশেষ প্রকৌশলগত পদ্ধতিতে প্রবাহ নিয়ন্ত্রণ ও স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়।অন্যদিকে, ১৫ দিনের পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও অগ্নিশিখার তীব্রতা কমে এলে কিংবা সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।গ্যাসের মজুত অনুসন্ধানে সিসমিক জরিপের পরিকল্পনাগ্যাস উদ্গিরণ নিয়ন্ত্রণের পাশাপাশি ইনানীর আশপাশের ভূগর্ভে সম্ভাব্য গ্যাসের মজুত অনুসন্ধানের পরিকল্পনাও রয়েছে। এ লক্ষ্যে আশপাশের ভূতাত্ত্বিক স্তর বা ফরমেশন থেকে গ্যাসের প্রবাহ আসছে কি না, তা যাচাই করা হচ্ছে।পরবর্তী ধাপে বাপেক্সের পক্ষ থেকে সিসমিক সার্ভে (Seismic Survey) পরিচালনা এবং প্রয়োজনীয় ভূতাত্ত্বিক তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করা হতে পারে।এসব জরিপ ও বিশ্লেষণে অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত পাওয়া গেলে তা উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করা হবে। ফলে ইনানীর আকস্মিক গ্যাস উদ্গিরণ নিয়ন্ত্রণের পাশাপাশি এলাকায় নতুন গ্যাসসম্পদের সম্ভাবনা অনুসন্ধানের সুযোগ তৈরি হতে পারে।সব মিলিয়ে ইনানীর গ্যাস উদ্গিরণ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাইছেন না সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আগামী ১৫ দিনের পর্যবেক্ষণ, ভূতাত্ত্বিক তথ্য বিশ্লেষণ এবং গ্যাসের প্রবাহের পরিবর্তনের ওপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। তবে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে গ্যাস নির্গমনের স্থান ও অগ্নিশিখায় কোনো ধরনের অননুমোদিত হস্তক্ষেপ না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

ইনানীতে গ্যাসের আগুন নিয়ে ১৫ দিনের পর্যবেক্ষণ, জোর করে নেভাতে নিষেধ
Topic Ads 3
Topic Ads 8