ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Category Ads 1

নারী-শিশু

Category Ads 2

বিশ্বে প্রতি চার নারীর একজন স্বামীকে যৌন সম্পর্কে ‘না’ বলতে পারেন না: জাতিসংঘ

বিশ্বে প্রতি চারজন নারীর একজন স্বামী বা সঙ্গীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে যৌন সম্পর্কে অসম্মতি জানানোর ক্ষমতা রাখেন না। অর্থাৎ, স্বামী বা সঙ্গী যৌন সম্পর্ক চাইলে তাঁরা তা প্রত্যাখ্যান করতে পারেন না। জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অঞ্চলভেদে এ পরিস্থিতির ব্যাপক পার্থক্য রয়েছে। পশ্চিম ও মধ্য আফ্রিকায় প্রায় ৪৫ শতাংশ নারী দাম্পত্য সম্পর্কে যৌন সম্পর্কে ‘না’ বলতে পারেন না। পূর্ব ও দক্ষিণ আফ্রিকা এবং আরব দেশগুলোতে এ হার ৩৩ শতাংশ। অন্যদিকে, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রতি ১০ জন নারীর একজন একই পরিস্থিতির মুখোমুখি।প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিবাহিত নারীদের মধ্যে কিশোরী ও তরুণীদের পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি উদ্বেগজনক। ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের যৌন সম্পর্কে অসম্মতি জানানোর ক্ষমতা ৪৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের তুলনায় কম। আটটি দেশের তুলনামূলক তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। দেশগুলো হলো—অ্যাঙ্গোলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কাজাখস্তান, মালাউই, মালি, নাইজেরিয়া, তাজিকিস্তান ও জাম্বিয়া।নারীর অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইকুয়ালিটি নাউয়ের আইনজীবী জ্যঁ-পল মুরুঙ্গা এ পরিসংখ্যানকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, আফ্রিকার দেশগুলো নারীর সমতা ও অধিকার নিশ্চিতে বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গীকার করলেও বাস্তবে নারী ও মেয়েরা এখনো সেসব অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।২০০৩ সালে আফ্রিকান ইউনিয়ন গৃহীত ‘মাপুতো প্রটোকল’ নারীর অধিকার সুরক্ষা, সহিংসতা থেকে রক্ষা এবং বৈবাহিক সম্পর্কে পূর্ণ সম্মতির নীতিকে স্বীকৃতি দিয়েছে। এ চুক্তিতে নারীর স্বাস্থ্যগত অধিকারও নিশ্চিত করার কথা বলা হয়েছে।মুরুঙ্গার বক্তব্য অনুযায়ী, যৌন সম্পর্কে স্বাধীন ও স্বেচ্ছায় দেওয়া সম্মতি না থাকলে তা যৌন সহিংসতা হিসেবে বিবেচিত হওয়া উচিত—বিয়ের সম্পর্কের মধ্যেও। বিয়ে কোনো নারীকে স্থায়ীভাবে যৌন সম্পর্কে সম্মতি দিতে বাধ্য করে না। কখন, কীভাবে এবং আদৌ যৌন সম্পর্কে জড়াবেন কি না, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর রয়েছে।তবে আফ্রিকার কয়েকটি দেশে বৈবাহিক ধর্ষণ এখনো অপরাধ হিসেবে স্বীকৃত নয়। ইকুয়ালিটি নাউয়ের ২০২৪ সালের এক প্রতিবেদনের বরাত দিয়ে মুরুঙ্গা জানান, সাতটি দেশে স্বামীদের বিরুদ্ধে বৈবাহিক ধর্ষণের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে স্পষ্ট অব্যাহতি রয়েছে। এসব দেশের মধ্যে আইভরি কোস্ট, ইথিওপিয়া ও দক্ষিণ সুদান রয়েছে। তানজানিয়া ও ইরিত্রিয়ার মতো কিছু দেশে স্বামী-স্ত্রী একসঙ্গে বসবাস না করলেই কেবল বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশে বাল্যবিবাহের অনুমতি রয়েছে এবং বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃত নয়, সেখানে কিশোরী স্ত্রীরা আরও বেশি অরক্ষিত অবস্থায় থাকেন। আইনের ফাঁকফোকরের কারণে বিয়ের বাইরে ধর্ষণ হিসেবে বিবেচিত কোনো ঘটনা বৈবাহিক সম্পর্কের ভেতরে বিচারহীন থেকে যেতে পারে। ফলে যৌন সহিংসতা ও শোষণ থেকে সুরক্ষা পাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে।আফ্রিকার সিয়েরা লিওনে কিশোরীদের নিয়ে কাজ করা সংগঠন ‘এ গার্ল অ্যাট আ টাইম’-এর প্রতিষ্ঠাতা আলিমাতু ডিমোনেকেনে বলেন, বিয়ের মধ্যে সম্মতি ও যৌন সহিংসতা নিয়ে আফ্রিকায় আলোচনা এখনো যথেষ্ট শুরু হয়নি। অনেক নারী তাঁদের ওপর জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে চিহ্নিত করেন না; বরং নানা অজুহাত দেন কিংবা নিজেদেরই দায়ী মনে করেন।তিনি আরও বলেন, পশ্চিম আফ্রিকার কিছু সমাজে বিয়ের পর যৌন সম্পর্ককে স্ত্রীর দায়িত্ব হিসেবে দেখা হয়। প্রচলিত কিছু সামাজিক ধারণায় কনের পরিবারকে বিয়ের সময় অর্থ বা সম্পদ দেওয়ার পর স্বামী স্ত্রীর ওপর অধিকার পেয়েছেন—এমন বিশ্বাসও রয়েছে। এ ধারণা নারীর ব্যক্তিগত স্বাধীনতা ও সম্মতির অধিকারকে ক্ষুণ্ন করে।প্রতিবেদনটির তথ্য অনুযায়ী, বৈবাহিক সম্পর্কের মধ্যেও যৌন সম্মতি যে ব্যক্তির নিজস্ব অধিকার—এ বিষয়ে সচেতনতা, আইনি সুরক্ষা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।

বিশ্বে প্রতি চার নারীর একজন স্বামীকে যৌন সম্পর্কে ‘না’ বলতে পারেন না: জাতিসংঘ
Category Ads 3
Category Ads 8