ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

কুপি-হারিকেনের আলোয় ফিরল হারিয়ে যাওয়া পুঁথির আসর

বিদ্যুতের আলো, স্মার্টফোন আর ইন্টারনেটের যুগে এক রাতের জন্য যেন কয়েক দশক পেছনে ফিরে গেল পাবনার চাটমোহরের একটি গ্রাম। উঠানে কুপি-হারিকেনের আলো, মাটিতে পাতা হোগলা পাটি আর চারপাশে গোল হয়ে বসা নানা বয়সী মানুষ—সবার মনোযোগ পুঁথি পাঠে। নেই টেলিভিশনের শব্দ, নেই মোবাইলের ব্যস্ততা।বৃহস্পতিবার রাতে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহারা পাড়া গ্রামে বসে হারিয়ে যেতে বসা পুঁথি পাঠের ঐতিহ্যবাহী আসর। লোকসংস্কৃতি ও পুঁথি সাহিত্যের পুরোনো ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়।আসর ঘিরে সন্ধ্যার পর থেকেই গ্রামের বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি বাড়তে থাকে। কেউ এসেছেন শৈশবের স্মৃতি ফিরিয়ে আনতে, কেউবা প্রথমবারের মতো কাছ থেকে পুঁথি পাঠ শুনতে।কুপি ও হারিকেনের আবছা আলোয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল পাঠ করেন কালজয়ী পুঁথি ‘হানিফ পালোয়ান ও বিবি সোনাভান’। পরে ঐতিহ্য সংগ্রাহক মো. লইমুদ্দিন প্রামাণিক শোনান গাজী কালু ও চম্পাবতীর গল্প। শিল্পীদের কণ্ঠে সুরেলা পরিবেশনা আর গল্পের আবহে মুগ্ধ হয়ে থাকেন শ্রোতারা।স্থানীয় সাংস্কৃতিক সংগঠক ডা. এস এম আতিকুল আলম বলেন, একসময় গ্রামবাংলায় দিনভর কাজ শেষে মানুষ পুঁথি পাঠের আসরে জড়ো হতেন। শিল্পীদের কণ্ঠে গল্প শুনে বিনোদনের পাশাপাশি মানসিক প্রশান্তিও পেতেন তাঁরা। আধুনিক প্রযুক্তির বিস্তারে সেই সংস্কৃতি অনেকটাই হারিয়ে গেছে। পুরোনো দিনের সেই পরিবেশ নতুন করে ফিরিয়ে আনতেই এই আয়োজন।সমাজসেবক ও চলনবিল আন্দোলনের এসএম মিজানুর রহমান বলেন, আধুনিক প্রযুক্তির প্রভাবে পুঁথি পাঠের মতো লোকজ সংস্কৃতির চর্চা ক্রমেই কমে যাচ্ছে। একসময় প্রায় প্রতিটি গ্রামেই পুঁথি পাঠের আসর বসত। এখন সেই পাঠক ও পাঠকের আসর—দুটিই দুর্লভ হয়ে পড়েছে। নতুন প্রজন্মকে শিকড়ের সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।বাংলা পুঁথি সাহিত্যের রয়েছে দীর্ঘ ঐতিহ্য। সপ্তদশ শতকের শেষভাগ ও অষ্টাদশ শতকের শুরুর দিকে কবি ফকির গরীবুল্লাহর ‘আমির হামজা’ পুঁথির মাধ্যমে এ ধারার চর্চা ব্যাপকতা লাভ করে। আরবি, ফারসি ও স্থানীয় ভাষার মিশ্রণে গড়ে ওঠা পুঁথি সাহিত্য গ্রামীণ বাংলার লোকজ জীবন ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন।আসরটি আয়োজন ও সমন্বয়ে ছিলেন সজল বিশ্বাস, বিপ্লব আচার্য, নিয়মুল মুক্তা, প্রভাষক আব্দুল মান্নান, অম্লান ভট্টাচার্য, সৌরভ কুন্ডু ও শুভ কর্মকার। আয়োজকদের প্রত্যাশা, এক রাতের এই আয়োজনেই যেন পুঁথি পাঠের ঐতিহ্য থেমে না থাকে। নিয়মিত এমন আসর বসিয়ে হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।

কুপি-হারিকেনের আলোয় ফিরল হারিয়ে যাওয়া পুঁথির আসর
Country Ads 3
Country Ads 8