ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

অসময়ের আমে সরগরম কানসাট বাজার

আমের মৌসুম শেষ হয়েছে বেশ আগেই। তবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট আমবাজারে এখনো কমেনি আমের কেনাবেচা। মৌসুমি আমের সরবরাহ কমে এলেও নাবি ও বারোমাসি জাতের আম ঘিরে জমজমাট রয়েছে জেলার বৃহত্তম এই বাজার।আশ্বিনা, বারি-৪, বারি-৮, গৌড়মতি, কাটিমন ও ব্যানানা ম্যাঙ্গোর মতো জাতের আম এখনো বাজারে আসছে। জেলার বিভিন্ন এলাকা থেকে চাষিরা এসব আম নিয়ে আসছেন কানসাটে। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে ব্যস্ত সময় পার করছেন বাজারের আড়তদার ও ব্যবসায়ীরা।বর্তমানে কানসাট বাজারে আশ্বিনা আম প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, বারি-৪ ১৫০ থেকে ১৮০ টাকা, গৌড়মতি ১৬০ থেকে ১৮০ টাকা, কাটিমন ১৭০ থেকে ১৮০ টাকা এবং ব্যানানা ম্যাঙ্গো ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে মণ হিসেবে আম কিনলে দাম কিছুটা কম পড়ছে।চাষি ও ব্যবসায়ীদের ভাষ্য, মৌসুমের শেষদিকে নাবি জাতের আমের ভালো দাম পাওয়ায় তাঁদের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে। কয়েক দিন আগেও আমের বাজারে দরপতনের চাপ থাকলেও বর্তমানে নাবি জাতের আমের চাহিদায় বাজারের চিত্র বদলে গেছে।বারি-৪ ও ব্যানানা ম্যাঙ্গো নিয়ে বাজারে আসা চাষি আবদুস সালাম বলেন, প্রতি মণ বারি-৪ আম প্রায় ৭ হাজার থেকে ৮ হাজার টাকা এবং ব্যানানা ম্যাঙ্গো প্রায় ৮ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। মৌসুমের শেষ দিকে প্রত্যাশিত দাম পাওয়ায় তিনি সন্তুষ্ট।কাটিমন আম নিয়ে বাজারে আসা চাষি আশরাফুল ইসলাম বলেন, মৌসুমের শেষ সময়ে কাটিমন ৬ হাজার থেকে ৮ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। উৎপাদন ব্যয়ের তুলনায় এই দাম সন্তোষজনক বলেও জানান তিনি।তবে এবারের মৌসুম শেষে চাষিদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করেছে অসময়ে খিরসাপাত বা হিমসাগর আম উৎপাদন। সাধারণত মে-জুন মাসে বাজারে আসে এই আম। কিন্তু শিবগঞ্জের কয়েকজন চাষি পরীক্ষামূলকভাবে আগস্ট মাসেও গাছে খিরসাপাত ধরিয়ে সাফল্য পেয়েছেন।শিবগঞ্জের কয়েকটি বাগানে মৌসুম শেষ হওয়ার পরও গাছে ঝুলছে জিআই স্বীকৃত খিরসাপাত বা হিমসাগর আম। অসময়ে উৎপাদিত এসব আমের দামও স্বাভাবিক মৌসুমের তুলনায় কয়েকগুণ বেশি। কোথাও কোথাও বাগান থেকেই প্রতি মণ ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা দরে আম কিনে নিতে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা।শিবগঞ্জের ভাঙাব্রিজ এলাকার আমচাষি সজিব আলীর বাগানেও কাটিমনের পাশাপাশি ঝুলছে খিরসাপাত আম। অসময়ে গাছে হিমসাগর দেখে প্রথমে তিনিও বিস্মিত হন। পরে আম পরিপক্ব হলে এর চাহিদা তৈরি হয়। এমনকি বাগানে গিয়ে প্রতি মণ ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা দরে আম কিনে নিতে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা বলে জানান তিনি।চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শরফ উদ্দিন বলেন, খিরসাপাত আমের দেশি-বিদেশি চাহিদা রয়েছে। তবে মৌসুমের শুরুতে একসঙ্গে বিপুল পরিমাণ আম বাজারে আসায় চাষিরা অনেক সময় কাঙ্ক্ষিত দাম পান না।অসময়ে খিরসাপাত উৎপাদনের বিষয়টি তাঁদের নজরে এসেছে জানিয়ে তিনি বলেন, এভাবে আম ধরানোর ঘটনা আগে তাঁদের জানা ছিল না। বিষয়টি নিয়ে তাঁরা কাজ করবেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এ বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৯১২ মেট্রিক টন।তিনি বলেন, মৌসুম শেষের দিকে এসেও নাবি জাতের আমের সরবরাহ অব্যাহত রয়েছে। ফলে কানসাটসহ জেলার বিভিন্ন আমবাজারে এখনো আমের কেনাবেচা চলছে।

অসময়ের আমে সরগরম কানসাট বাজার
Country Ads 3
Country Ads 8