ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Topic Ads 1
Topic Ads 2

চাষাঢ়ায় দুই গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধ, রোববার সমাধানের বৈঠক

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বন্ধ কারখানা চালু, বকেয়া বেতন পরিশোধ ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইউনাইটেড অ্যাপারেলস কম্পোজিট লিমিটেড ও সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকেরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে প্রায় এক ঘণ্টা অবরোধের পর প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তাঁরা। সংকট নিরসনে আগামী রোববার বেলা ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ থাকায় তাঁরা বেতন ও অন্যান্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। নিয়মিত বেতন পরিশোধের নিশ্চয়তা না পাওয়া এবং নানা অজুহাতে শ্রমিক ছাঁটাইয়ের কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বারবার গিয়েও সমাধান না পেয়ে সড়কে নামতে বাধ্য হয়েছেন।এর আগে গত ৮ অক্টোবর ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকায় ইউনাইটেড অ্যাপারেলসের কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকেরা। মিছিলটি চাষাঢ়া হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে স্মারকলিপিও দেন তাঁরা। শ্রমিকদের ভাষ্য, নিয়মিত বেতন দিতে দেরি করা, তিন কিস্তিতে মজুরি পরিশোধ এবং শ্রম আইন লঙ্ঘনের প্রতিবাদ করায় গত ৩০ সেপ্টেম্বর কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।ইউনাইটেড অ্যাপারেলসের কর্মী পলি বলেন, “কোনো সমাধান আমাদের দেয় না। উল্টো ‘আজ যাও, কাল এসো’ বলে ঘোরায়। ১৫ দিন ধরে এভাবে ঘুরে কোনো সমাধান না পেয়ে এবং পেটে ভাত না থাকায় মালিককে ফোন দেওয়া হলেও তিনি ফোনে সাড়া দেননি বা কোনো সমাধান দেননি। নিরুপায় হয়েই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।”অপর কর্মী মোসাম্মৎ সিমার দাবি, কারখানাটিতে প্রায় ৭০০ শ্রমিক কাজ করেন। নানা অজুহাতে শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে কারখানার ফটকে তালা ঝুলছে। জেলা প্রশাসন হস্তক্ষেপ করলেও মালিকপক্ষ তা মানেনি বলে অভিযোগ করেন তিনি। সিমা বলেন, ঘরভাড়া ও খাবারের টাকা জোগাড় করতে না পেরে শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। নিয়ম মেনে কারখানা চালু করতে হবে, অন্যথায় শ্রমিকদের আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করতে হবে।অবরোধ চলাকালে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। শ্রমিকদের পাওনা এবং কারখানা চালুর বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, জেলা পুলিশ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান তাঁদের সঙ্গে কথা বলেন বলে জানানো হয়। আলোচনায় ইতিবাচক সমাধানের আশ্বাস পেয়ে শ্রমিকেরা অবরোধ তুলে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান।ঘটনাস্থলে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “বন্ধ কারখানা খুলে দেওয়া এবং শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতা পরিশোধের দাবিতে দু’টি কারখানার শ্রমিকরা এক ঘন্টা সড়কটি অবরোধ করে রাখেন। পরে তাদের আলোচনার প্রস্তাব দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।”আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নেওয়া বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের আশ্বস্ত করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনার ভিত্তিতে আগামী রোববার বেলা ৩টায় সংকট নিরসনে বৈঠকের সিদ্ধান্ত হয়।এদিকে শ্রমিকদের অভিযোগ ও কারখানার বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য জানতে সেঞ্চুরি অ্যাপারেলস কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার হোসেন এবং ইউনাইটেড অ্যাপারেলস কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক মো. নবী নেওয়াজের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁদের দুজনের ফোনই বন্ধ পাওয়া যায়।রোববারের বৈঠকে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ, কারখানা চালু এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে কী সিদ্ধান্ত আসে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা।

চাষাঢ়ায় দুই গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধ, রোববার সমাধানের বৈঠক
Topic Ads 3
Topic Ads 8